হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির একাংশ।
শনিবার (১৫ আগস্ট ২০২৫) উপজেলা সদরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বিএনপি’র ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বক্তারা জানান, বাজিতপুর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ এবং গঠনতন্ত্র অনুযায়ী অযৌক্তিক। বিগত ১০/০৩/২০২০ ইং তারিখে জনাব শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
দলীয় গঠনতন্ত্রের ৬(খ)(৪) এবং ৬(খ)(৭) নং অনুচ্ছেদ অনুযায়ী, সকল কমিটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হবে। যদি এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হয়, উর্ধ্বতন কমিটি যুক্তিসংগত কারণে মেয়াদ বাড়াতে পারবে। নতুন কমিটি গঠিত না হলে পূর্ববর্তী কমিটি বাতিল বলে গণ্য হবে।
নেতারা আরও জানান, তাদের যৌক্তিক দাবির মধ্যে ছিল—
১. আহ্বায়ক কমিটি দ্বারা গঠিত ইউনিয়নের সকল পকেট কমিটি বাতিল।
২. সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন কমিটি গঠন।
৩. স্বচ্ছ ও প্রকৃত ভোটার তালিকা প্রকাশ।
কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জনাব হাবিব-উন-নবী খান সোহেল সকল জেলা ও উপজেলার কাউন্সিল সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। গত ০৫/০৭/২০২৫ ইং তারিখ বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিল আহ্বান করলে, প্রতিবাদে ০২/০৭/২০২৫ ইং তারিখে বাজিতপুর বাঁশমহলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফলস্বরূপ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউন্সিল স্থগিত ঘোষণা করেন এবং বিভিন্ন দফা বৈঠকের মাধ্যমে নতুন ইউনিয়ন কমিটি গঠন ও স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে কাউন্সিল আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সমন্বয়কের নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপি আবারও ২০/০৮/২০২৫ ইং তারিখে উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। এভাবে মেয়াদোত্তীর্ণ কমিটি ও জেলা নেতারা একতরফা কাউন্সিল আয়োজনের চেষ্টা করছেন, যা দলের গণতান্ত্রিক কাঠামো ও ঐক্য ক্ষতিগ্রস্ত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক জি.এস. মীর জলিল,
জেলা বিএনপির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কাইয়ুম খান,
বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক ১ নং সহ-সভাপতি ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কাজল ভূঁইয়া,
জেলা যুবদলের সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদলের সাবেক আহ্বায়ক এডভোকেট মোঃ শাহ আলম,
এবং বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা নেতাদের প্রতি আহ্বান জানান—দলের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়ে সম্মেলন আয়োজন করতে হবে।
সাংবাদিক সম্মেলনের পর বাজিতপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা এবং আপোষহীন নেতা, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য দোয়া করা হয়।