নিজস্ব প্রতিবেদক,
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘ফিডিং কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৬ এপ্রিল সোমবার সকাল ১০টায় কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুন হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুষ্টি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত সতর্কতার সাথে খাবারের গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সঠিক পুষ্টিমান সম্পর্কে সচেতন থাকা আমাদের সকলের দায়িত্ব।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজ্বী আরিফ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, শাকিল আহমদ ও রেজা ই রাব্বী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বিশ্বজিৎ শাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম মুছা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত পুষ্টিকর খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। বক্তারা জানান, সরকারের এই উদ্যোগের আওতায় আগামী এক বছর পর্যন্ত উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।