নিজস্ব প্রতিবেদক, নিকলী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শ্মশানখলা সংলগ্ন একটি ঘরের বারান্দা থেকে লিংকন বর্মন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বর্মনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লিংকন বর্মন ওই এলাকার সুখেন বর্মনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে এলাকাবাসী শ্মশানখলার একটি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লিংকনের দেহ ঝুলতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে নিকলী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের পিতা সুখেন বর্মন বাদী হয়ে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।