নিজস্ব প্রতিবেদক, নিকলী:
যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ ভোরে নিকলী উপজেলা স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও নিকলী থানা পুলিশ। এরপর একে একে বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নিকলী উপজেলা বিএনপি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিভিন্ন সংবাদিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ডিসপ্লে সকাল ৯টায় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহেনা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির শান্তি ও অগ্রগতি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মোঃ আখতারুজ্জামান খান এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, চান্দালী মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব ও ইউডিএফ দুর্গা রানী সাহা। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।