হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপি’র উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অদ্য কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে পপি’র পিপিইপিপি–ইইউ প্রকল্পের উদ্যোগে এবং পিকেএসএফ ও ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশনে নিকলী উপজেলার দামপাড়া, কারপাশা ও সিংপুর ইউনিয়ন থেকে পপি’র পিপিইপিপি–ইইউ প্রকল্পের আওতায় নির্বাচিত ৩০ জন উপকারভোগী সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের সরকারি বিভিন্ন দপ্তরের বিদ্যমান সেবা, সুযোগ-সুবিধা ও এসব সেবায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি। তিনি বলেন,
এ ধরনের ওরিয়েন্টেশন আয়োজনের ফলে এলাকার অতি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে জানতে পারবে এবং এসব সেবার আওতায় আরও বেশি মানুষ অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এতে সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ইউরোপীয়ান ইউনিয়ন, পিকেএসএফ এবং পপি সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান। পপি’র প্রকল্পের কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুস সামাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলীহুড) মোঃ রবিউল হোসেন ও মোঃ তরিকুল ইসলাম,সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) রাজিয়া সুলতানা ও মোঃ আসাদুল ইসলাম,এবং সিএনএইচপি শাবনাজ আক্তার ও রাহিমা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
ওরিয়েন্টেশনে সরকারি বিভিন্ন সেবাদানকারী দপ্তরের কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, কৃষি, পুষ্টি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সেবাসমূহ নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে মত প্রকাশ করেন।