কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বর্ণিল র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নিকলী—এর যৌথ বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি।”
অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হানিফ, এবং সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রউফ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ অলিউল হক, ইনচার্জ ফায়ার সার্ভিস স্টেশন মোঃ রুস্তম আলী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব মকবুল হোসেন ভূঞা, লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোঃ ফারুক মিয়া ও তাপস কুমার রায়সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
মেলায় ৩০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে গবাদিপশু, ছাগল–ভেড়া, হাঁস–মুরগি, কবুতর, দুধ–দুগ্ধজাত পণ্য এবং আধুনিক খামার প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হয়। স্থানীয় খামারিরা তাঁদের উৎপাদিত পণ্য ও পশুপাখি প্রদর্শন করে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করেন।
বিচারকমণ্ডলী তিনটি ক্যাটাগরিতে—সেরা গবাদিপশু, সেরা পোল্ট্রি এবং সেরা দুগ্ধ উৎপাদন—মোট ১০টি পুরস্কার ঘোষণা করেন। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরো সমৃদ্ধ করা সম্ভব। এ ধরনের প্রদর্শনী খামারিদের জ্ঞান, দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।