হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ‘ডেভিল হান্ট’ অভিযান জোরদারের আল্টিমেটাম দিয়ে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্র-জনতা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।শুক্রবার, ১৯ ডিসেম্বর বিকাল ৩ টায় নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলী থানার চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। প্রতিবাদী স্লোগানে মুখরিত মিছিলে অংশগ্রহণকারীরা
“হাদি হত্যার বিচার চাই“খুনিদের দ্রুত গ্রেপ্তার কর”,
“ডেভিল হান্ট অভিযান জোরদার কর“আইনের শাসন প্রতিষ্ঠা কর”এমন নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হবে। তারা আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন—কোনোভাবেই তাদের ছাড় দেওয়া যাবে না।
বক্তারা অবিলম্বে ‘ডেভিল হান্ট’ অভিযান জোরদার করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশ শেষে উপজেলা ছাত্র-জনতার পক্ষ থেকে নিকলী থানার অফিসার ইনচার্জের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হাদি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শান্তিপূর্ণভাবে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষ হয়।