হাওরাঞ্চল, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ২০ আগস্ট ২০২৫, বুধবার। ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উদ্বোধন করেন সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেশ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল ওয়াহাব আকন্দ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিনের বিভক্তি ও গ্রুপিং কাটিয়ে বাজিতপুর উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। শৃঙ্খলাবদ্ধ ও অংশগ্রহণমূলক এই সম্মেলন প্রমাণ করেছে—বিএনপি এখন আগের চেয়ে আরও শক্তিশালী।
সম্মেলনে সভাপতি পদে শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া মোস্তাফিজুর রহমান মামুনকে ১নং সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ আলীকে ২নং সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন,
“এই দায়িত্ব আমার জন্য গৌরবের। সবার মতামত ও পরামর্শ নিয়ে ঐক্য রক্ষা করে বাজিতপুর বিএনপিকে আরও শক্তিশালী করব।”
নবনির্বাচিত সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন,
“বিএনপির দুঃসময়ে নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, আগামী দিনেও আমরা সেই ত্যাগকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
বিএনপির প্রবীণ নেতাদের আশা, এ সম্মেলনের মাধ্যমে দীর্ঘদিনের বিভক্তি নিরসন হয়ে সাংগঠনিকভাবে বাজিতপুর উপজেলা বিএনপি আরও সুসংহত হবে।