নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় যোগদানের মাত্র ২৫ দিনের মধ্যেই জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। মাদক নিরাময়, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রোববার জেলা পুলিশ কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিশেষ সম্মাননা পদক তুলে দেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, নিকলী থানায় যোগদানের পর থেকেই ওসি রফিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। তার নেতৃত্বে নিকলী থানা এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের নিরাময় ও সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এতে করে অল্প সময়ের মধ্যেই নিকলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন,
“অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম অল্প সময়ের মধ্যেই পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। মাদক নির্মূল ও জনসেবায় তার অবদান প্রশংসনীয়। জেলা পুলিশের পক্ষ থেকে এই সম্মাননা অন্য কর্মকর্তাদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। নিকলী থানার সকল পুলিশ সদস্য এবং সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। আগামীতেও মাদকমুক্ত ও নিরাপদ নিকলী গড়তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
এ সম্মাননা নিকলী উপজেলার সাধারণ মানুষের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে নিকলী থানা ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করবে।