হাওরাঞ্চল প্রতিনিধি, কিশোরগঞ্জ:
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজ শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল—সাম্য ও সমতায়,
দেশ গড়বে সমবায়”
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা মজুমদার মুক্তি সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী সদর ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন আল কাইয়ুম, উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। সমবায়ের মাধ্যমে সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা খাতুন।
শেষে সমবায় আন্দোলনের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।