নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের নিকলীতে খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (গতকাল) দুপুর সাড়ে ১২টার দিকে নিকলী উপজেলার সদর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন খালে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। সহযোগিতা করেন নিকলী থানা পুলিশের সদস্যরা। এ সময় নিকলী সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি খালের উপর দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিলেন। এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন। একসময় যে খালে বড় বড় নৌকা চলাচল করত, বর্তমানে সেটি দখলের কারণে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, “খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে একাধিকবার নিষেধ করা হলেও তারা কাজ বন্ধ করেনি। তাই আইন অনুযায়ী আজ উচ্ছেদ করা হয়েছে। খাল সরকারি সম্পদ, এটি কেউ ব্যক্তিগত স্বার্থে দখল করতে পারবে না।”
তিনি আরও জানান, এ ধরনের দখলদারিত্ব রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।