হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ):
“সন্তানদের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোলে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমস-এর উদ্যোগে বর্ণাঢ্য মা সমাবেশ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মাননীয় চেয়ারম্যান আব্দুল কাদির জুয়েল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।এছাড়াও বক্তব্য রাখেন ইউনাইটেড কেয়ার এডু-হেলথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান, যিনি বলেন—বর্তমান বিশ্বে কেবল বইপড়া নয়, নৈতিকতা, শৃঙ্খলা, প্রযুক্তি ও জীবনবোধ শেখানোই প্রকৃত শিক্ষা। ইউনাইটেড কেয়ার স্কুল সেই লক্ষ্যেই কাজ করছে।”
প্রধান অতিথি প্রফেসর সিদ্দিক উল্লাহ তাঁর বক্তব্যে বলেন—মায়েরা যদি সন্তানদের প্রতি যত্নশীল ও সচেতন হন, তাহলে সমাজে অসামাজিক আচরণ কমে আসবে। এই সমাবেশের মাধ্যমে শিক্ষার পাশাপাশি অভিভাবকদের দায়িত্ববোধ জাগ্রত হবে।”
বিশেষ অতিথি মোঃ এনামুল হক বলেন ,ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমস কিশোরগঞ্জে শিক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আধুনিক পাঠ্যক্রম, ইংরেজি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং মানসিক বিকাশের ওপর জোর দিয়ে এটি শিশুদের জন্য এক অনন্য উদ্যোগ।”
সভাপতির বক্তব্যে আব্দুল কাদির জুয়েল বলেন,আমরা চাই প্রতিটি শিশু আনন্দের মধ্য দিয়ে শিখুক, নৈতিকতায় বড় হয়ে উঠুক। শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, বিনোদন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আলোকিত প্রজন্ম গড়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত মায়েরা প্রতিষ্ঠানটির শিক্ষা পদ্ধতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সন্তানদের মানসম্মত শিক্ষার জন্য এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিদের মধ্যে কৃতজ্ঞতা স্বরূপ স্মারক বিতরণ করা হয়।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমস-এর পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।