স্টাফ রিপোর্টার:
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মহিষবাথান পূর্বপাড়া সমাজকল্যাণ সংগঠন। আজ সংগঠনটির পক্ষ থেকে এলাকার দুইটি অসহায় ও দুস্থ পরিবারের হাতে খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ বস্তা (২৫ কেজি) করে চাল ও ১ কেজি করে ডাল তুলে দেওয়া হয়েছে।
সহায়তা কার্যক্রমে সংগঠনের সহ-সভাপতি, ক্যাশিয়ারসহ অন্যান্য সদস্যরা স্বশরীরে উপস্থিত থেকে চাল ও ডালের বস্তা বহন ও হস্তান্তর করেন, যা সংগঠনের সদস্যদের সম্মিলিত দায়বদ্ধতা ও মানবিক মানসিকতারই প্রতিফলন।
খাদ্য সহায়তা পেয়ে পরিবার দুইটির চোখে অজান্তেই জল চলে আসে। তবে সে কান্না অভাবের নয়—ছিল কৃতজ্ঞতার, ছিল মহান আল্লাহর দরবারে উঠা নিঃশব্দ দোয়ার কান্না। এক মুঠো চাল, এক মুঠো ডালের এই সামান্য সহায়তাই তাদের ঘরে ফিরিয়ে এনেছে একটু স্বস্তি, একটু আশ্বাস আর এক চিলতে হাসি।
এ সময় সংগঠনের সহ-সভাপতি বলেন,
“আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা নীরবে কষ্ট সহ্য করে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যা দিয়েছি তা খুব বেশি নয়, কিন্তু আমরা বিশ্বাস করি—সৎ নিয়তে দেওয়া অল্প দানও আল্লাহর কাছে অনেক বড়।”
সংগঠনের ক্যাশিয়ার বলেন,“এই সহায়তা সংগঠনের একক কারও নয়, এটি আমাদের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।”
এই হাসির পেছনে রয়েছেন সংগঠনের সকল সদস্য—যাঁরা নিঃস্বার্থভাবে ও সৎ নিয়তে দান করেছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের প্রতিটি দান কবুল করেন এবং এ দানকে সদকায়ে জারিয়ায় পরিণত করেন—এটাই সংগঠনের পক্ষ থেকে দোয়া।
আমরা বিশ্বাস করি, দানের হাত যত বাড়বে, ততই অসহায়ের চোখের জল কমবে, মুখে ফুটবে হাসি।