হাওরাঞ্চল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের নিকলীতে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গ্রাহকদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সোনালী ব্যাংক পিএলসি, নিকলী শাখায় নবস্থাপিত এটিএম (ATM) ও সিআরএম (CRM) বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক এই বুথ সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি। উদ্বোধনের পর তিনি বুথটি পরিদর্শন করেন এবং ব্যাংকিং প্রযুক্তির এই আধুনিকায়নের প্রশংসা করেন।
সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, কিশোরগঞ্জ) দিলীপ কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (জিএম অফিস, ময়মনসিংহ) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক (নিকলী শাখা) হাবিবুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি বলেন,
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ব্যাংকিং ব্যবস্থার কোনো বিকল্প নেই। নিকলীর মতো একটি জনপদে সোনালী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। এখন থেকে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিনের যেকোনো সময় টাকা জমা ও উত্তোলনের সুযোগ পাবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।”
ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন বলেন,
“আমরা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে কাজ করছি। সিআরএম বুথ স্থাপনের ফলে গ্রাহকদের এখন আর টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুনাব্বির হোসেন, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, নিকলী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, মোঃ জুবায়ের আল মাহমুদ, সিনিয়র অফিসার মোঃ আবুল কাশেম, হুমায়ূন আমিনুল ইসলাম, সজীব কুমার চৌধুরী, মুহাম্মদ সাজন, কাউসার আহমেদ, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, সাংবাদিক আব্দুর রহমান রিপনসহ স্থানীয় পর্যায়ের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নবস্থাপিত সিআরএম (Cash Recycler Machine) বুথের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা টাকা উত্তোলনের পাশাপাশি তাৎক্ষণিকভাবে টাকা জমা দেওয়ার সুবিধাও পাবেন, যা নিকলী এলাকার গ্রাহকদের জন্য একটি বড় প্রাপ্তি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং এলাকার সমৃদ্ধি ও ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।