হাওরাঞ্চল(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মো. মহিনুর ইসলাম (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় উপজেলার গুরুই উত্তর পাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা মহিনুর ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককালে আসামির হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘর তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল এবং একটি সুইচ গিয়ার করাতসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক মো. মহিনুর ইসলাম নিকলী উপজেলার গুরুই উত্তর পাড়া এলাকার মৃত সোনাম উদ্দিন ও আজু খাতুনের ছেলে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “মাদক ও অস্ত্র উদ্ধারে আমাদের এই অভিযান সফল হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
আটককৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিশোরগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।