নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
সচিবের সফরকালে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তিনি হাসপাতালের সেবা মান, রোগীদের চিকিৎসা ব্যবস্থা, ওষুধ সরবরাহ এবং কর্মরত জনবলের ঘাটতি বিষয়ে খোঁজ নেন।
সচিব জানান, “নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিমধ্যেই ৫০ শয্যায় উন্নীত হয়েছে। তবে অবকাঠামোগত ও মানবসম্পদ ঘাটতির বিষয়টি আমরা বিবেচনায় নিচ্ছি। ধাপে ধাপে এখানকার সেবা আরও আধুনিকীকরণ করা হবে।”
স্থানীয়রা জানান, হাওরাঞ্চল হওয়ায় নিকলী উপজেলার এই হাসপাতালটি আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের একমাত্র ভরসাস্থল। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব এবং ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।
হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানে মাত্র দুইজন চিকিৎসক দিয়ে সব সেবা চালাতে হচ্ছে। সচিব মহোদয় এসেছেন, আশা করছি এবার কিছু পরিবর্তন আসবে।”
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ সচিবের সফরকে ঘিরে পুরো হাসপাতাল এলাকায় ব্যাপক প্রস্তুতি নেন।
সফর শেষে সচিব স্থানীয় প্রশাসনের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে তিনি নিকলী উপজেলার জনস্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।