
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের নিকলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, জাতির মুক্তির সনদ ৩১ দফা এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে এক বর্ণাঢ্য পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ।
১২-দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে হাজারো নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। এতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, প্রিন্স মাহমুদ তুহিন, মৎস্যজীবী দলের সভাপতি আলী হোসেন, কৃষকদলের সভাপতি ফরমান হোসেন, নিকলী সরকারি কলেজের সদস্য সচিব সানিবুল মাশফি জিটু, বাজিতপুর সরকারি কলেজের সদস্য সচিব তারেক আহমেদ তুইয়া প্রমুখ। এছাড়াও নিকলীর বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন,দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে সফল করতে হবে।”
তিনি আরও বলেন,নিকলীর হাওরাঞ্চল সব সময় জাতীয়তাবাদী শক্তির দুর্গ হিসেবে পরিচিত। জনগণের অধিকার, ভোটের অধিকার এবং দেশকে মুক্ত করার আন্দোলনে হাওরের মানুষ অগ্রভাগে থাকবে। আমরা আন্দোলনের মাধ্যমে এই অবৈধ শাসনকে বিদায় জানিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।”
গণমিছিল বক্তব্য শেষে একটি বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কলেজ মাঠে এসে সমাপ্ত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন চাই”, “গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই” ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।